এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমরা কোনোভাবেই তাদের ক্ষমতায় আনতে পারি না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় পরিদর্শনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিস আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
জামায়াতের প্রসঙ্গ টেনে মন্ত্রী মির্জা ফখরুল বলেন, “কিছু দল ও গোষ্ঠী অপপ্রচার করছে। তারা বলছে, আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন চাই না।”
বিএনপির মহাসচিব আরও বলেন, “বিএনপি সংস্কার করতে চায় না— যারা এমন কথা বলে তারা মিথ্যা কথা বলে। মিথ্যাচার করবেন না। জনগণ আপনাদের ক্ষমা করবে না। একটি দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। বলেন তো দলটার নাম কী? তারা খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলে জনগণের রাজনীতি করতে হবে। নির্বাচনের আগেই তারা বলছে, ‘জামায়াত এসে গেছে, ক্ষমতায় এসে গেছে।’ তারা এখনো ক্ষমতায় আসেনি, ভবিষ্যতেও ক্ষমতায় আসতে পারবে না।”
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু প্রসঙ্গে মন্ত্রী মির্জা ফখরুল আরও বলেন, “আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দরটি চালু করা হবে। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এয়ারপোর্ট হবেই।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে পুরো মাঠ উজ্জীবিত হয়ে উঠেছিল। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা আমাদের গর্ব। আমরা বলতে পারব, আমাদের একটি বিমানবন্দর আছে। এটি মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সবুজ পাতায় স্থান পেয়েছে।”
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিস আফরোজা খানম রিতা বলেন, “আপনাদের ধৈর্য ধরতে হবে। একটু সময় লাগবে। আমরা এমনভাবে করতে চাই না, যাতে দুই দিন পরই বন্ধ হয়ে যায়। আমরা স্থায়ী বন্দোবস্ত করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে যে ওয়াদা করে গেলাম, সেটি যেন রক্ষা করতে পারি। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করা হবে। এই বিশ্বাসটুকু রাখুন। যত কম সময়ের মধ্যে চালু করা যায়, সে জন্য আমরা দিনরাত পরিশ্রম করব।”
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ।
এ সময় ঠাকুরগাঁও-২ আসনের এমপি আবদুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমানসহ জেলা বিএনপির নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পপতি, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল জেলা সদরের দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত থাকা বিমানবন্দরটি চালু করা। এই অনুষ্ঠানের মাধ্যমে জেলাবাসীর সেই প্রত্যাশা পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্থানীয়রা।
এএ/আরএন