নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।
নিহত মো. আমির (২৫) শনিবার সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়। বর্তমানে আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দগ্ধ শংকর গোমেজ (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়।
গত বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা ১২ জন দগ্ধ হন।
পরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে যান। বাকি ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
এইচএমআর/এসআর