ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সামান্য বৃষ্টিতেই থমকে যায় শতবর্ষী বিদ্যালয়ের কর্মচাঞ্চল্য
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৩৪ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৫:২৩ পিএম
X

একটু বৃষ্টি হলেই যেন থমকে যায় একটি শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম। হাঁটু সমান পানির কারণে শ্রেণিকক্ষে পৌঁছানোই হয়ে পড়ে কঠিন। ভেজা পোশাক, কাঁদামাখা জুতা আর সীমাহীন দুর্ভোগ নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে আসতে হয় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের।

নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এমন দূরবস্থা এখন স্থানীয়দের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বর্ষণেই বিদ্যালয় মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শুধু পাঠদানই নয়, খেলাধুলা, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমও মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। 

দ্রুত মাঠ সংস্কার না হলে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা ও বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠটি দীর্ঘদিন ধরে নিচু অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে পানি জমে যায়। ফলে শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি তৈরি হয়। একই মাঠ ব্যবহার করে গুরুদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরাও। এতে দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম মিঠু বলেন, 'সামান্য বৃষ্টি হলেই শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ থাকে না। একাডেমিক ভবনের তুলনায় মাঠ অনেক নিচু, এমনকি আশপাশের সড়কের চেয়েও নিচে অবস্থান করছে বিদ্যালয়টি। সাবেক সংসদ সদস্যের উদ্যোগে মাঠ কিছুটা উঁচু করা হলেও এখনো পুরোপুরি সমতল হয়নি।'

তিনি বলেন, 'বর্তমান সংসদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউএনও ফাহমিদা আফরোজ যদি মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলের উপযোগী করে দিতেন, তাহলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব হতো।'

বিদ্যালয় সূত্রে জানা যায়, শতবর্ষের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমেও উপজেলা পর্যায়ে বরাবরই সেরা অবস্থানে রয়েছে। প্রতি বছর এসএসসি ও অন্যান্য পাবলিক পরীক্ষায় প্রতিষ্ঠানটির ফলাফলও সেরা। এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বহু এমপি, মন্ত্রী, সচিব, আমলা, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তা।

অভিভাবকরা জানান, বৃষ্টির দিনে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় কাঁদা ও পানির কারণে শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহতও হয়। দ্রুত মাঠ সংস্কার করা হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পাঠদান ও খেলাধুলার সুযোগ পাবে।

বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, 'শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মাঠটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।'

এলাকাবাসীর দাবি, শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শতবর্ষী এ প্রতিষ্ঠানটির মাঠ সংস্কারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তাদের ভাষায়, যে প্রতিষ্ঠান বছরের পর বছর আলোকিত মানুষ গড়ে তুলছে, সেই প্রতিষ্ঠানের মাঠ আজও অবহেলায় পড়ে থাকা অত্যন্ত বেদনাদায়ক।

এমএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝