ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চীনে ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০১ পিএম
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের সফরে বুধবার চীনে পৌঁছেছেন। বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় সেখানে তাকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় ট্রাম্পের সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি।

এএফপি প্রকাশিত ছবিতে দেখা গেছে, এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে লালগালিচায় স্বাগত জানানো হয়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনা সামরিক ব্যান্ড, পতাকা হাতে শিশুদের সারি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিবিসির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ট্রাম্পের সর্বশেষ চীন সফরের সময় তাকে স্বাগত জানিয়েছিলেন স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি। এবার তুলনামূলকভাবে আরও উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং নিজে তাকে স্বাগত জানান, যা বেইজিংয়ের পক্ষ থেকে বিশেষ কূটনৈতিক গুরুত্বের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এএফপি’র ছবিতে আরও দেখা যায়, হান ঝেং ট্রাম্পকে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন।

বিমানবন্দরের বাইরে রাস্তার পাশে উৎসুক জনতার উপস্থিতিও লক্ষ্য করা যায়। অনেকে এয়ারফোর্স ওয়ান অবতরণের মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করেন। নিরাপত্তার জন্য সড়কে ব্যারিকেড বসানো ছিল এবং পুলিশ মোতায়েন করা হয়।

এই সফরটি মূলত গত মার্চে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তা পিছিয়ে যায়। সফরসঙ্গীদের তালিকায় প্রযুক্তিখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, দ্বিপাক্ষিক আলোচনায় প্রযুক্তি খাত বিশেষ গুরুত্ব পাবে। এর মধ্যে রয়েছে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং-এর অংশগ্রহণও।

চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, তিনি বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে অনুরোধ করবেন যেন প্রযুক্তিখাতে চীনা বাজার আরও উন্মুক্ত করা হয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উন্নত চিপ প্রযুক্তির ক্ষেত্রে চীনের ওপর যুক্তরাষ্ট্রের কিছু রপ্তানি বিধিনিষেধ রয়েছে, যা ওয়াশিংটন জাতীয় নিরাপত্তার কারণে প্রয়োজনীয় বলে মনে করে।

সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ ট্রাম্প ও শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। একই দিনে সন্ধ্যায় তারা রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝