ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৩৭ পিএম
X

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, সম্পদে পরিণত হবে। এভাবেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার।

ঝালকাঠিতে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের আয়োজনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হতে হবে।

তিনি আরও বলেন, অনেক প্রতিবন্ধী শিশু সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। তাই তাদের অবহেলা না করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানো জরুরি।

জেলা প্রশাসক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেছা।

সভায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে পরিবার ও সমাজের পাশাপাশি সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝