বায়ুদূষণ রোধে ঢাকার সাভারে একটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাভারের ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় অবস্থিত ‘মেসার্স এ বি এন অ্যান্ড কোং’ নামের ইটভাটাটি ভেঙে ফেলা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।
এনফোর্সমেন্ট কার্যক্রমে বাংলাদেশ পুলিশের একটি দল ও র্যাবের এক প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, “বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ওএফ/এসআর