ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আসা নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণা করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় নিয়ে আসে পুলিশ। পরে দুপুরেই তাকে সাভার মডেল থানা থেকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী সাভার শিশু একাডেমি ও শিল্পকলার নৃত্যশিল্পী।
ভুক্তভোগী নৃত্যশিল্পী জানান, বিপ্লব হোসেনের সাথে তার ১৭ বছরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকে তাকে বিয়ের আশ্বাস দিয়ে ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আনে প্রেমিক বিপ্লব হোসেন। প্রেমিকের কথামতো তিনি দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে জেন্ডার পরিবর্তন করে মেয়েতে রূপান্তর হয়ে ফিরে এসে জানতে পারেন বিপ্লব তার সঙ্গে প্রতারণা করেছে এবং তার অনুপস্থিতে নতুন করে বিয়ে করেছেন।
ভুক্তভোগী আরও জানান, তাকে জেন্ডার পরিবর্তন করার আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে লিখিত এগ্রিমেন্ট করে ৩০ লাখ টাকাও হাতিয়ে নেয় বিপ্লব। ফিরে আসার পর ভুক্তভোগী সাভারের গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং বিপ্লবকে বিয়ের জন্য চাপ দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে ধার নেওয়া ৩০ লাখ টাকা ফেরত চান। গত ৬ মে বিপ্লব তার সহযোগীকে নিয়ে জোরপূর্বক ভুক্তভোগী ফিরোজ আহমেদের বাসায় গিয়ে তার কাছে এগ্রিমেন্টের কাগজ ফেরত চান। কিন্তু কাগজ না দেয়ায় তাকে হাত ও পা বেঁধে ধর্ষণ করে এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় গত ৭ মে ফিরোজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পাণ্ডেকে দ্বিতীয় আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজ তার প্রেমিকের কঠোর শাস্তি দাবি করেছেন।
মামলার বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ফিরোজ আহমেদকে তৃতীয় লিঙ্গ ব্যক্তি হিসেবে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ওএফ/এসআর