নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে নিয়ামতপুর মডেল ফারিয়ার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ান ফার্মা’র সিনিয়র এমআইও সুমন ইকবাল।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিভিন্ন সময়ে তারা হয়রানি ও অনিরাপদ কর্মপরিবেশের মুখোমুখি হচ্ছেন। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।
বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি এখন সময়ের দাবি।
মানববন্ধনে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।
টিএইচ/ এসআর