বান্দরবানের লামা উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সরকারি সফরে এসে তিনি লামার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়’ এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেন। লামায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।
সোমবার (১১ মে) সকাল ৯টায় তিনি লামা উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সকাল সাড়ে ৯টায় নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে পৌঁছে তিনি প্রাক-প্রাথমিকের কোমলমতি শিশুদের সঙ্গে সময় কাটান।
এসময় তিনি তাদের শিক্ষার মান যাচাই করেন, শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং শিশুদের গান শোনেন। বিদ্যালয় ঘুরে দেখে তিনি অফিস কক্ষে যান এবং বিগত পরীক্ষার মূল্যায়ন খাতা পরিদর্শন করেন। শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় পরিদর্শন শেষে অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং এক ফটোসেশনে অংশ নেন।
তিনি নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করে বলেন, “এমন স্কুল তিনি খুবই কম দেখেছেন। শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা তাকে মুগ্ধ করেছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে।” এ বিদ্যালয়ে তিনি প্রায় ঘণ্টাব্যাপী সময় কাটান।
বেলা ১১টায় তিনি লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ‘অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেন। এসময় তিনি দুর্গম এলাকার স্কুলগুলোতে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রম নিয়ে আরও আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করেন। পরে বেলা সাড়ে ১১টায় তিনি বান্দরবানের উদ্দেশ্যে লামা ত্যাগ করেন।
এবি/আরএন