হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত কিশোরী হত্যা মামলার প্রধান আসামি মো. রফিক মিয়া (৫২)কে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার রফিক মিয়া বানিয়াচং উপজেলার বাঘজোড় এলাকার মৃত মশ্বব উল্লাহর ছেলে। তিনি হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি।
র্যাব-৯ সূত্রে জানা যায়, নিহত সানজিদা আক্তার (১৩) একই এলাকার বাসিন্দা। স্থানীয় একটি মসজিদের বারান্দা নির্মাণের হিসাব নিয়ে বিরোধের জেরে গত ১৭ মার্চ রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের চাচার বাড়িতে হামলা চালায়। হামলায় সানজিদা ও তার চাচা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সানজিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ মার্চ বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
র্যাব আরও জানায়, এর আগে একই মামলার আরেক আসামিকে ১০ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল।
গ্রেফতার রফিক মিয়াকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএমআর/এসআর