গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে গাছ কেটে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় খায়রুল ইসলাম খুশির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাদেক আলী।
সম্প্রতি উপজেলার সদরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী ছাদেক আলী ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। অভিযুক্ত খায়রুল ইসলাম খুশি একই গ্রামের মৃত খয়বর হোসেনের ছেলে।
গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার এজাহারে ছাদেক আলী উল্লেখ করেন, সদরপাড়া মৌজার ৮৩২ নম্বর দাগের ৩৮ শতক জমির মধ্যে দক্ষিণ পাশের সাড়ে ৩৫ শতক জমি তিনি প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, গত ২ মে সকালে খায়রুল ইসলাম খুশি বহিরাগত লোকজন নিয়ে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ছাদেক আলী বলেন, “খায়রুল ইসলাম খুশি ও তার লোকজন আমার লাগানো বেশ কিছু গাছ কেটে ফেলেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। মামলা করার পর থেকে তারা আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তবে অভিযোগ অস্বীকার করে খায়রুল ইসলাম খুশি বলেন, “ওই জমি পৈতৃক সূত্রে আমার মালিকানাধীন। তাই সেখানে ঘর নির্মাণের জন্য গাছ কাটা হয়েছে।”
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইয়াকুব আলী বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করে। এছাড়া আদালত মামলায় ১৪৪ ধারা জারি করেছেন। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।
টিএইচজে/ এসআর