২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে ক্রিকেটারসহ পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল জানান, তদন্তে অন্তত পাঁচজনের বিরুদ্ধে ফিক্সিং ও সংশ্লিষ্ট অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি বলেন, “তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে।”
অভিযুক্তদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন। তবে এখনই তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিসিবি জানিয়েছে, শিগগিরই পৃথক এক বিজ্ঞপ্তির মাধ্যমে দণ্ডিতদের নাম, অভিযোগ এবং শাস্তির বিস্তারিত জানানো হবে।
বিপিএলের ২০২৫ মৌসুমে একাধিক দল, ক্রিকেটার ও কোচের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয় বিসিবি। তখনকার সভাপতি ফারুক আহমেদের নির্দেশে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিটি প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন বোর্ডে জমা দেয়।
পরবর্তীতে সেই প্রতিবেদন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে হস্তান্তর করা হয়। তিনি স্বাধীনভাবে প্রতিবেদন যাচাই করে কয়েকজনের বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পান বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তখন কোনো নাম প্রকাশ করা হয়নি।
জানা গেছে, নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের একজন হলেন অমিত মজুমদার, যিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে বাকিদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
আরএন