নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফয়সাল (ছদ্মনাম) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার মা।
বুধবার (৬ মে) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, বাড়িতে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান তার মা। এ সময় ফয়সালকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইইউ/আরএন