পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। একদিনে ডিআইজি পদমর্যাদার ৯ জন এবং অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পাশাপাশি দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।
এর মধ্যে আলোচিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলামকে নৌপুলিশে, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ে, বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমানকে আরএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানে, জয়পুরহাটের পুলিশ সুপার মিনা মাহমুদাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটে, পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদকে এসবিতে, এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার হিসেবে, নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীতে এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এছাড়া, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলে, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরে, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠিতে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌপুলিশে, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারে, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে এপিবিএনে, ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে এবং সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএন