ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে আসামি ছিনতাই: পুলিশের ওপর হামলা, আটক ১৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫২ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া শামীম মিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ ডজনখানেক মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে চনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শামীম মিয়াকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

এ অবস্থায় তার অনুসারীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের গাড়ি অবরোধ করে। তারা পুলিশের পিকআপ ভ্যানের চাকা কেটে দেয় এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করেন। পরবর্তীতে চনপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, অভিযানের সময় আসামিকে গ্রেপ্তারের পর তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে অতিরিক্ত বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের আটকের অভিযান চালানো হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝