নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশের ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে পশ্চিমগাঁও এলাকায় মাদক ব্যবসায়ী জাহিদ হাসান জনির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসান জনি বিপুল পরিমাণ মাদক টয়লেটে ফেলে পালিয়ে যায়। পরে তার বাড়ির একটি কক্ষ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে জনির মা জোসনা বেগম ও তার সহযোগী তালহাকে আটক করা হয়েছে। এ সময় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিনও উপস্থিত ছিলেন।
পলাতক জাহিদ হাসান জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর