বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার শহর।
রোববার (৩ মে) সন্ধ্যায় শহরের গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর আগে শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে ফাহিমুর রহমান সভাপতি এবং মোহাম্মদ সাঈদ আনোয়ার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ ও সমালোচনা শুরু হয়।
এর ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরে মিজানুল আলমের নেতৃত্বে তারা গুমগাছতলা এলাকায় সড়কে নেমে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দলের রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে অযোগ্য ও সুবিধাভোগীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা এ কমিটিকে “বৈষম্যমূলক” বলে আখ্যা দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএইচএসইউ/এসআর