দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে রাজধানী ঢাকায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে। একই সময়ে সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে ৫ হাজার ২১৮ জন শিশুর শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ২২৫ জন শিশু।
এসআর