ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশে তেলের সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পিএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৭:৪৬ পিএম
X

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই; বরং কিছু অসাধু মহলের অনৈতিক ব্যবসার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। তেল নিয়ে কালোবাজারি ও অসাধু সিন্ডিকেট রুখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও দেশে বড় কোনো সংকট নেই। ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণে বিশ্বব্যাপী প্রভাব পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহে কোনো বড় সমস্যা সৃষ্টি হয়নি।

তিনি আরও বলেন, এই সমস্যাটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে এবং তেল কালোবাজারে বিক্রি করছে। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না। জনভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দেওয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর সচল করা এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকার চেক ও সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝