ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাবেক স্বামীকে নিতে গিয়ে নারী আটক, মাইক্রোবাস ভাঙচুরে আহত ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৫ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় সাবেক স্বামীকে নিতে গিয়ে এক নারীকে আটকের ঘটনা ঘিরে মাইক্রোবাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সন্ধ্যায় এক নারী ভাড়া করা একটি মাইক্রোবাসে করে তার সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে উত্তেজিত জনতা মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলার সময় চালকসহ তিনজন আহত হন।

খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। পরে ভোর ৪টার দিকে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা টাংরাপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার জুঁই (২৪) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙামোড় ইউনিয়নের আক্তার হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৬) প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেন। প্রায় এক বছর আগে তারা ঢাকায় গিয়ে বিয়ে করেন বলে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার আপত্তি জানায় এবং একপর্যায়ে উভয়ের ইচ্ছার বিরুদ্ধে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তালাকের পরও তাদের মধ্যে যোগাযোগ অব্যাহত ছিল। ওই নারী তার সাবেক স্বামীকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা দুজনকে আটক করে এবং মাইক্রোবাসে হামলা চালায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামছুদ্দিন ব্যাপারী বাবলা বলেন, বিবাহবিচ্ছেদের পর কিছু ব্যক্তির সহায়তায় ওই নারী সাবেক স্বামীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর মধ্যে সন্দেহ দেখা দেয়। পরে তারা তাদের আটক করে এবং মাইক্রোবাস ভাঙচুর করে।

ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসিআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝