ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হরমুজ অতিক্রম করতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ এএম আপডেট: ১৮.০৪.২০২৬ ১১:০২ এএম
X

সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)-এর জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালিতে প্রবেশ করেও তা অতিক্রম করতে পারেনি। ইরান নৌবাহিনী প্রণালি থেকেই জাহাজটিকে ফিরে যেতে নির্দেশ দেয়।

শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় জাহাজটি হরমুজ অতিক্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে রাত সাড়ে ১২টার দিকে ইরানের নৌবাহিনী হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় এবং ফিরে যেতে বলে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রায় ৪০ দিন আটকে থাকার পর ‘বাংলার জয়যাত্রা’ গত ৮ এপ্রিল সৌদি আরব-এর রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় ৪০ ঘণ্টা চলার পর ১০ এপ্রিল সকালে এটি হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে।

এরপর প্রণালি অতিক্রমের অনুমতি চেয়ে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তেহরান তা প্রত্যাখ্যান করে। পরে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে সংযুক্ত আরব আমিরাত-এর শারজা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জানায়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনো জাহাজকে অতিক্রম করতে দেওয়া হবে না।’

পরবর্তী সময়ে জাহাজটি প্রণালিতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকে। তবে শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় জাহাজটিকে আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জাহাজটির ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম রাত আড়াটার দিকে বলেন, ‘ইরানের নৌবাহিনী জাহাজটি বের হতে অনুমতি দেয়নি এবং আমরা মিনাসাকার আউটার পোর্ট লিমিটে (ওপিএল) ফিরে যাচ্ছি।’

৩১ জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে প্রায় ৪০ দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রঘোষিত যুদ্ধবিরতির পর এটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। তবে ১০ এপ্রিল হরমুজ প্রণালির কাছে পৌঁছালে অতিক্রমের অনুমতি না পেয়ে ফিরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার উপকূলের কাছে আশ্রয় নেয়।

বিএসসির কর্মকর্তারা জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ছয় টনে নামিয়ে আনা হয়েছে।

বিএসসির তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি পণ্য খালাস শেষ করে। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে মিনাসাকার দিকে ফিরে যেতে বাধ্য হয় জাহাজটি। জাহাজটি ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউেন যাওযার কথা।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝