টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভূট্টা ক্ষেতে ফাতেমা (৫) নামে এক শিশুর লাশ পাওয়া গেছে।
নিহত ফাতেমা মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকীর নেংড়াবাজার এলাকার বাসিন্দা এবং তার পিতা মো. আবু সামা। সে স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের স্বজনরা জানান, শনিবার আছর নামাজের পর থেকে ফাতেমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে স্থানীয়রা গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তার লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের মামা মো. জনি খান জানান, ফাতেমার কানে স্বর্ণের গহনা ও গলায় একটি রূপার মালা ছিল, যা লাশ উদ্ধারের সময় পাওয়া যায়নি। তার সন্দেহ, নিহত ফাতেমার জেঠাতো ভাই আব্বাস আলী (২৭) জুস কিনে দেওয়ার কথা বলে ফাতেমাকে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, শিশুটিকে প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গহনা ছিনিয়ে নিয়ে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে রাখা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার আগে অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এইচআর/আরএন