ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চরফ্যাশনে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৪৬ পিএম
X

ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ হামলায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯ নম্বর চর মানিকা ইউনিয়ন পরিষদে এ মারধরের ঘটনা ঘটে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসে জেলে পুনর্বাসনের জন্য উপজেলার মোট ২৪ হাজার ২০০ নিবন্ধিত জেলের জন্য ১ হাজার ৯৩৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চর মানিকা ইউনিয়ন পরিষদের ১ হাজার ২০০ নিবন্ধিত জেলের জন্য ৯৬ টন চাল বরাদ্দ রয়েছে, যা বিতরণের দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম।

প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম জানান, নিবন্ধিত জেলেদের তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে স্থানীয় বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিবন্ধিত প্রকৃত জেলেদের নাম বাদ দিয়ে নিজের মনগড়া নামের তালিকা নিয়ে আসেন এবং সেই তালিকা অনুযায়ী ভিজিএফ চাল বিতরণের জন্য চাপ প্রয়োগ করেন। তিনি তালিকাটি যাচাই করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করার কথা বললে মোস্তাফিজুর রহমান ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে এসে তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার স্বামী আবুল কালাম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে খবর পেয়ে দক্ষিণ আইচা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠায়।

অভিযুক্ত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান জানান, জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকায় অনিয়মের কারণে স্থানীয় জেলেরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেছে।

দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার হুমায়ূন কবির জানান, ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও প্যানেল চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন বলেন, ঘটনায় উভয় পক্ষকে উপজেলায় ডাকা হয়েছে।

এসএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝