জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালিয়ে অনিয়মের সত্যতা পায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় খঞ্জনপুর এলাকার ব্যবসায়ী মো. জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং গুলশান মোড় এলাকার ব্যবসায়ী মো. আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলে তিনি জানান।
এসআইএস/এসআর