কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আতাউর রহমান (২৪)। তিনি পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের মোক্তারকুটি গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
নিহতের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলি চালক আতাউর। ট্রলিটি ধরলা সেতু পার হওয়ার কিছু দূর পর হঠাৎ বিকট শব্দে এর শক অ্যাবজর্বার ভেঙে গিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসি/আরএন