হবিগঞ্জের মাধবপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক কালবেলা এবং আরটিভির মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মসি (৩৫) গত ১১ মার্চ বহরা ইউনিয়নে চাল বিতরণে অনিয়ম ও মারধরের একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বুধবার ওই তদন্ত কমিটি বহরা ইউনিয়ন পরিষদে আসবে- এমন খবর পেয়ে মুজাহিদ মসি সংবাদ সংগ্রহের জন্য বেলা ১২টার দিকে মনতলা বাজারে যান। সে সময় বহরা ইউনিয়নের ইউপি সদস্য এনামুল হক ফয়ছল (৪০) ও তার সঙ্গে থাকা অজ্ঞাত ৪-৫ জন তার উপর অতর্কিত হামলা করে বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দিয়ে ভাঙচুর করা হয়, এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সে সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ও সাংবাদিক ফুরকান উদ্দিন নোমান এবং ফরাস উদ্দিন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে আহত অবস্থায় মুজাহিদ মসি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ ঘটনায় তিনি মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
এমআর/এমএ