প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে বুধবার বিকেলে এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে বৈকারি দালালপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধ্যায় এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম বলেন, নির্বাচন শেষে আমরা সরকার গঠনের পর নির্বাচনের পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে খাল খনন কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে আজ এই কুমড়া খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এছাড়াও ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদানসহ কৃষি ব্যাংকের ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে। এ দেশের মানুষ সরকারকে সহযোগিতা করলে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সময় লাগবে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, ৩৩ বিজিবি কমান্ডার আশিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ ও ড. মনিরুজ্জামান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান ও সহযোগী কর্মকর্তারা।
এর আগে দুপুরে প্রতিমন্ত্রী সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের নীলডুমুর এলাকায় উপস্থিত থেকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ মৌসুমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মৌয়ালদের সঙ্গে মতবিনিময় এবং বনদস্যুদের বিরুদ্ধে অভিযান কার্যক্রমের সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আক্তার, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এমজেডআর/আরএন