চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে লাইসেন্স বা নির্ধারিত মানদণ্ড ছাড়া চিকিৎসাকেন্দ্র পরিচালনা, অপারেশন থিয়েটার ও হাসপাতালে চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্যক্রম পরিচালনা এবং অযোগ্য ব্যক্তির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার দায়ে রেনেসাঁ মেডিকেল সেন্টারকে ৫০ হাজার টাকা এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা বা প্রতারণা সহ্য করা হবে না। চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। জনস্বার্থ রক্ষা এবং অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. জাহিদ হোসাইন এবং সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এসএস/আরএন