গণহত্যা দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গউছ।
সভা শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াস উদ্দিন এবং গীতা পাঠ করেন পরিতোষ তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা নুরুল হক টিপু, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, ডেপুটি সিভিল সার্জন ডা. মকসুদুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিরুল হক, পুলিশ সুপার তারেক মাহমুদ এবং জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জি কে গউছ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বর গণহত্যা চালিয়ে ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজও অটুট রয়েছে। তিনি হবিগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ না করার আহ্বান জানান।
শেষে মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।
এমআর/আরএন