ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে ভয়াবহ আগুনে পুড়ে ৬ দোকান ছাই
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:০০ পিএম
X

রাতের আঁধারে ভয়াবহ আগুনে নগদ টাকাসহ ৬টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) গভীর রাতে পঞ্চগড় বাজারের টিনপট্টি এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৪০ মিনিটের আগুনে কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকানসহ ৬টি দোকান মালামালসহ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৪টি দোকান। এর মধ্যে বাজারের একটি ফেন্সি হার্ডওয়্যার দোকানে রঙের মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে আগুনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই বাজারে অসংখ্য মানুষের ভিড় শুরু হয়। ক্ষতিগ্রস্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও কাজ করতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

টিনপট্টি এলাকার কীটনাশক ব্যবসায়ী শেখ শামীম পারভেজ বলেন, “আমার দোকানের সামনে কয়েকটি দোকান মুহূর্তেই পুড়ে যায়। এই বাজারে হাজারের বেশি দোকান রয়েছে। আমরা অনেক ভয় পেয়েছিলাম। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের আন্তরিকতায় আমরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। যে কয়েকটি দোকান পুড়ে গেছে, সেসব ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে গেছেন। তাদের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হায়াতুন আলম বলেন, “ঐতিহ্যবাহী পঞ্চগড় রাজনগর হাটের এই অংশে অসংখ্য কাপড় ও জুতার দোকান রয়েছে। আগুন আর একটু গভীর রাতে লাগলে এই বাজারকে রক্ষা করা যেত না। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আল্লাহর রহমতে আমরা একপ্রকার বেঁচে গেছি। পুড়ে যাওয়া দোকানগুলোতে কয়েক কোটি টাকার পণ্য ছিল।”

পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, “রাত বারোটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। আমাদের রিজার্ভ পানি এবং পৌরসভার রিজার্ভ ট্যাংকি থেকে পানি নিয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝