কক্সবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি স্থানীয় ভাবে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
স্থানীয়রা জানান, কবিতা চত্বর এলাকায় দুর্বৃত্তরা খোরশেদ আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
এসইউ/এমএ