গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সংকটের মধ্যে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পৃথক দুটি অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
নাহিদুল হক জানান, উপজেলার রাউৎকোনা গ্রামে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রির দায়ে মহসিন মোল্লা নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে ত্রিমুহনী বাজারে খোলা অবস্থায় জ্বালানি তেল বিক্রির অভিযোগে তুহিন খান নামের আরেকজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এই দণ্ড দেওয়া হয়েছে।
নাহিদুল হক বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম জানান, উপজেলার ছয়টি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতে তেল থাকলেও বাকি পাম্পগুলোতে সরবরাহ নেই।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জ্বালানির সরবরাহ সাময়িকভাবে কম থাকলেও এটিকে পুরোপুরি সংকট বলা যাবে না, তবে কিছুটা অপ্রতুল রয়েছে।
এনএএস/এসআর