বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, 'সরকারের নির্বাচনী ইশতেহারেই রয়েছে, যে বন্ধ পাটকলগুলো আছে তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।'
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
শরীফুল আলম বলেন, 'দেশী-বিদেশী যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের কার্যক্রম চালাচ্ছি।'
তিনি বলেন, 'মসলিন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। আমরা এই ঐতিহ্যকে অন্বেষণ করতে সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুঁজে আমাদের এক্সপার্ট যারা আছেন উনারা ইতিমধ্যে এটার নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্ট করে এটার প্রকৃত যে অবস্থান সেটা নির্ণয় করে এটাকে সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গবেষণা কার্যক্রম, মার্কেট প্রসার, বীজের বিভিন্ন ডাইভাসিফিকেশন, বিভিন্ন উন্নত জাত এগুলো অন্বেষণ করা এটার কাজই এখান থেকে হবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেওয়া দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে।'
প্রতিমন্ত্রী বলেন, 'জামদানি ভিলেজের প্রকল্পটা সম্পন্ন করার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। এই প্রকল্পের মেয়াদ এ বছর শেষ হওয়ার কথা, প্রকল্পটি যাতে সূচারুরূপে সম্পন্ন করার হয় এ জন্য আমরা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছি। এটার প্রাথমিক কাজ মাটি ভরাট, সীমানা দেয়াল, ড্রেনেজসহ সকল কাজ সম্পন্ন হয়েছে। এখানে ছয় তলা ও তিন তলা দুটি ভবন হবে। আমাদের দরপত্রের প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা এই মেয়াদের মধ্যে কাজটি শেষ করতে পারবো। চলতি অর্থবছরেই মসলিন প্রযুক্তিটি যারা আগ্রহী তাদের কাছে হস্তান্তর করা হবে।'
দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন প্রতিমন্ত্রী। পরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেন।
আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী মসলিন কাপড় তৈরীর বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরীর কাজ পরিদর্শন করেন।
এ সময় গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো. মিজানুর রহমান, তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্ম সচিব মো. জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো. কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।
এসএম/এমএ