খুলনায় ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লবনচরা থানাধীন খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা। তাদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও তার ছেলের স্ত্রী ফাহিমার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে রাশিদুল সন্ত্রাসী ইমরানের বাড়িতে আসা-যাওয়া করত। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ৬ মাস আগে ইমরান পুনরায় একটি মামলায় কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা শুনে ক্ষুব্ধ হয় ইমরান প্রতিশোধ নিতে রাশিদুলের বাড়িতে গিয়ে চার জনকে গুলি করে।
জানতে চাইলে লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: তুহিনুজ্জামান বলেন, পরকীয়ার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় অংশ নেয় ছয় জন। তাদের সকলকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এসএম/এমএ