হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ, ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল এবং ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৩ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভেতরে সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১৯ লিটার বাংলা মদ তৈরির কেমিক্যাল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির টহল দল পাকাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে পাচারের সময় ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এছাড়া, চুনারুঘাট উপজেলার দুধপাতিল বিওপির নিয়মিত টহল দল পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৬২ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির অভিযানে এখন পর্যন্ত মোট ১২৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৩৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা জোরদার ও মাদক চোরাচালানরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা ও সহযোগিতা কামনা করা হয়েছে।
এমআর/এমএ