ঈদে বাসভাড়া বৃদ্ধি ও বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় সামাজিক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) লক্ষ্মীপুর।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিসিএস এর জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সহেল, সদস্য ফিরোজ আলম, হুসাইন মুহাম্মাদ রাসেল, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক সভাপতি বাইজিদ হোসাইন, সাধারণ সম্পাদক বেলায়েত পাটোয়ারী, নিসআ'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মুন্না, এসডিএস এর প্রতিষ্ঠাতা মাহবুব আলম নোমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঈদে পরিবহন সিন্ডিকেট সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে মানুষকে হয়রানি করে। আমরা প্রশাসনকে অনুরোধ করবো তারা যেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ঈদে মানুষজন যেন নিরাপদে, নির্বিঘ্নে ও স্বস্তিতে ঘরে ফিরতে পারে সেজন্য পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সেক্টরের সকলের প্রতি আহ্বান জানানো হয়।
পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
আরএইচআর/এসআর