ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই: জামায়াত আমির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১০:৩২ পিএম
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ অনুযায়ী একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা থাকলেও তারা বিষয়টি খণ্ডিতভাবে চান না; বরং পুরো প্যাকেজ বাস্তবায়ন দেখতে চান।

বুধবার (১১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডেপুটি স্পিকার পদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদেই উল্লেখ আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। তবে আমরা খণ্ডিতভাবে এটি চাই না। আমরা চাই পুরো প্যাকেজ বাস্তবায়ন হোক।”

তিনি আরও বলেন, “জুলাই সনদের সব বিষয় গ্রহণ ও বাস্তবায়নের ভিত্তিতেই আমরা আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে চাই।”

প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা চাই, জুলাই সনদের সংস্কারের প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা, আমরা ততটুকু চাই, এর বেশি চাই না।’

বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ ও সংসদ সদস্য—দুটি শপথই নিয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘দুঃখের বিষয় এখন পর্যন্ত সরকারি দল প্রথম শপথটি নেয়নি।’

ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আসুন জুলাইকে সম্মান করি। চব্বিশ থাকলেই ছাব্বিশ হবে, নইলে ছাব্বিশের অস্তিত্ব থাকে না। চব্বিশকে অমান্য বা অগ্রাহ্য করে পাশ কাটিয়ে ছাব্বিশ জাতির জন্য কোনো সুখবর নয়। আমরা আশা করতে চাই, সরকারি দল এই কাজটি দ্রুত সম্পন্ন করবে।’

দেশের ৬৯ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আমরা এর পক্ষে ভূমিকা রেখে যাব এবং আমরা চাইব যে চারটি বিষয় গণভোটে দেওয়া হয়েছিল, তার সবগুলো হুবহু গ্রহণ ও বাস্তবায়ন করা হোক।’

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে, জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ‘আমরা অনেক আলাপ-আলোচনা করেছি এ ব্যাপারে। কালকে আমাদের ভূমিকা দৃশ্যমান আপনারা দেখবেন। যেমন সূর্য উঠবে, তেমন ভাষণ শুনবেন এবং আমাদের ভূমিকাও দেখবেন।’

জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এই সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দলের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন৷

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝