ভোলার লালমোহন উপজেলায় জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের হাসপাতাল রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
এ সময় দুইটি জ্বালানি তেলের দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জ্বালানি তেল বিক্রির যথাযথ রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুইটি মামলায় এ অর্থদণ্ড আরোপ করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত দোকান মালিকরা হলেন মেসার্স মরিয়ম স্টোরের মালিক মো. আলাউদ্দিন এবং মেসার্স মা স্টোরের মালিক মো. শাহাবুদ্দিন।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক এ বিষয়ে বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
এইচপি/আরএন