নারায়ণগঞ্জ শহরে এবার ছিনতাইয়ের শিকার হয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। এ সময় ছিনতাইকারীরা তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এসএস/আরএন