সাতক্ষীরা কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে জখমের পর ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। প্রত্যন্ত অঞ্চলে প্রকাশ্যে দিনের বেলায় এমন ঘটনা এলাকার মানুষকে হতবাক করেছে।
রোববার বিকালে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার গুরুত্বর জখমীর নাম মোখলেছুর রহমান তিনি উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের অলি আহমদ এর ছেলে। পেশায় বিকাশ এজেন্ট ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, রোববার দুপুর ২ টার দিকে মোটরসাইকেল যোগে কৃষ্ণনগর বাজারের দিকে যাচ্ছিলেন মোখলেছুর। পূর্ব থেকে পথে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্তরা তার পথরোধ করে আকর্ষিক হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় জখমের পর অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ভর্তি ব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নেয়।
হামলার সময় মাথায় গুরুতর আঘাতে রক্তাক্ত জখম হয়ে অচেতন হয়ে পড়ে মোখলেছুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন রাতে জানিয়েছেন, গুরুত্বর জখমী বিকাশ ব্যবসায়ী ৩ লাখ টাকা ছিনতাইয়ের কথা জানিয়েছেন। ওসি জানান, বিকাল ৩ থেকে সাড়ে ৩টার ঘটনা। শোনামাত্রই আমি নিজেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযান অব্যাহত আছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ছিনতাইকারিদের কেউ চিনতেও পারেনি। জখমীর পরিবারের পক্ষ থেকে কোন এজাহার পাইনি।
এমজেডআর/ এসআর