নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই ছিনতাইকারী পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
রোববার ভোর ৬টার দিকে জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলযোগে তিন ছিনতাইকারী এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করে। স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে একজনকে আটক করলে দুই ছিনতাইকারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল বারিক বলেন, 'পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।'
এসএস/এমএ