খুলনা মহানগরীর বৌ বাজার এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর রানা শেখ হত্যা মামলার অন্যতম আসামি ও একাধিক মামলার অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আজমাইন মোল্যা (৩৫) কে র্যাব-৬ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন সময়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের দমন এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণসহ অন্যান্য গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এর ধারাবাহিকতায়, র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল বুধবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আজমাইন মোল্যাকে গ্রেফতার করে।
গত ৭ জানুয়ারি খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন জান্দিপুর বৌ বাজার এলাকায় সংঘটিত রানা শেখ (৩৪) হত্যা মামলার তদন্তে মোঃ আজমাইন মোল্যা অন্যতম পলাতক আসামি ছিলেন। তিনি খানজাহান আলী থানার জব্দীপুর এলাকার মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা এর ছেলে।
গ্রেফতারকৃত আসামির পিসি পিআর বিশ্লেষণে জানা যায়, কেএমপি'র খানজাহান আলী ও খালিশপুর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা ও হত্যা মামলা সহ মোট চারটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস/আরএন