জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার নানা কারণে এগুলো বন্ধ করে দিয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়ার বিমানবন্দরগুলো একসময় সম্পূর্ণ চালু ছিল। সেগুলো বন্ধ করে রাখা হয়েছে। এগুলোই আগে চালু করা হবে। এরপর নতুন পরিকল্পনা হাতে নেওয়া হলে, যদি কোনো বিভাগে নতুন বিমানবন্দর করা হয়, তাহলে তা ময়মনসিংহে হবে। তবে তার আগে বিদ্যমান বিমানবন্দরগুলো ঠিক করতে আমাদের সময় দিতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী নিজেও মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমাকেও ডেকে ব্যক্তিগতভাবে বলেছেন, আপনারা হজের টিকিটের দাম কমান—টিকিটের দাম এত বেশি কেন হবে? বিমান একসময় লোকসানি প্রতিষ্ঠান ছিল। কিন্তু আমরা হিসাব করে দেখেছি কেন এটি লোকসানি ছিল। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকিটের দাম কমানোও সম্ভব। আমরা হিসাব-নিকাশ করে দেখেছি, বিমানের টিকিটের দাম কমানো সম্ভব। টিকিটের দাম আপনাদের নাগালের মধ্যেই রাখা হবে।
প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন—এতে কোনো আপত্তি নেই। তবে হলুদ সাংবাদিকতা যেন না হয়। এতে দেশের অনেক ক্ষতি হয়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা উচিত নয়। আসুন, আমরা একসঙ্গে দেশ গড়ার কাজ করি। আমরা সরকারে থেকে বুঝতে পারছি, প্রত্যেকটি জায়গা ভঙ্গুর হয়ে আছে। অনেক জায়গা নষ্ট হয়ে গেছে, দুর্নীতির ছোঁয়া রয়েছে। সেগুলো কাটিয়ে উঠতে হলে আমাদের আরও বেশি সময় দিতে হবে এবং কাজ করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী ও খন্দকার রাজু আহমেদ ফুয়াদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এলএইচ/আরএন