গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ইতোমধ্যে দুর্নীতির দায়ে বরখাস্ত হয়েছেন। এরপর পরিষদ পরিচালনায় দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ। তিনি এ দায়িত্ব পালনকালে হঠাৎ করে তাকে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে জাহাঙ্গীর আলম চেয়ার দখল নিয়ে ফের দায়িত্ব পালনের চেষ্টা করেন। এ ঘটনায় নাগরিক সেবা বিঘ্নিত শঙ্কায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বরখাস্তকৃত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম দামোদরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ও উত্তর দামোদরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, পরষিদে দায়িত্ব পালনকালে চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃক নিবন্ধক ইউজার আইডি ও পাসওয়ার্ড অবৈধভাবে হস্তান্তরপূর্বক আইনবর্হিভূত কার্যক্রমের কারণে বিডিআরআইএস সিস্টেমের নিরাপত্তা বিঘ্নিত হয়। এ অভিযোগে স্থানীয় সরকার বিভাগ গত বছরের ১১ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তী পরিষদ পরিচালনার জন্য দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ।
একপর্যায়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে দিকে জাহাঙ্গীর আলম তার দলীয় অজ্ঞাত ১০-১২ জন লোক নিয়ে পরিষদে গিয়ে আব্দুর রশিদ শেখকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে অফিস কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এরপর পরিষদের সদস্যদের নিকট জরুরী নোটিশ প্রদানসহ অবৈধভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেন জাহাঙ্গীর আলম।
এদিকে স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর আলম নির্বাচিত হওয়ার পর থেকে ভিজিএফ, ভিডব্লিউবিসহ বিভিন্ন প্রকল্পে সিমাহীন অনিয়ম দুর্নীতি করেছেন। সেইসঙ্গে মাদকাসক্ত হয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে অশোভনীয় আচরণে অতিষ্ঠ হচ্ছেন জনসাধারণ। এ অবস্থায় জাহাঙ্গীর আলমের দ্রুত অপসারণ দাবি আপমর জনগণের।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, আমাকে বরখাস্ত করার পর আমি উচ্চ আদালতে একটি রিট করি। এরই পরিপ্রেক্ষিত মহামান্য আদালত তিন মাসের জন্য আমার বরখাস্ত স্থগিত করেছে।
প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম উচ্চ আদালত থেকে স্টেঅর্ডার নিলে এর বিপরীতে আপিল দায়ের করি। যা এখনও নিষ্পত্তি হয়নি। এছাড়া স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই জাহাঙ্গীর আলম বেআইনিভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছেন।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, দামোদরপুর ইউপির বরখাস্ত হওয়া চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্বপদে বহালের তথ্য আমার কাছে নেই। পরিষদটি পরিচালনায় প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ দায়িত্ব পালন করছেন। মঙ্গলবারের ঝামেলার ব্যাপারটি সচিবকে জানিয়ে দেওয়া হয়েছে।
টিএইচজে/ এসআর