নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়ায় একটি কারখানায় রং ও কেমিক্যাল দিয়ে ভেজাল জুস ও শিশুখাদ্য তৈরির অভিযোগে মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড কোম্পানি লিমিটেডে এ অভিযান পরিচালনা করে র্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক এবং র্যাব-১১–এর অপারেশনস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশুখাদ্য ও জুস জব্দ করা হয়। এসব পণ্য বিভিন্ন ধরনের রং ও কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১১।
এসএস/আরএন