রাজধানীর লালবাগে ট্রাকের চাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত আমজাদ হোসেন (৪৫) ঢাকার দোহারের জৈনকি এলাকার মৃত শেখ ধলা মিয়ার ছেলে। তিনি ফার্মগেট এলাকায় থাকতেন। তার দুই ছেলে রয়েছে।
নিহত আমজাদের ছেলে সাকিব বলেন, 'বাবা ভোরে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মাঝ রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।'
এমএ