ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম
X

সাভারে তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এ সময় প্রায় আধাঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বিক্ষুব্ধ শ্রমিক ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সাভারের উলাইল এলাকার এইচ আর টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং কারখানাটিতে কর্মরত শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে কারখানার সামনে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। এ সময় শ্রমিকরা কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ দেখতে পেয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন। বেতন পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। পরে ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

অবরোধকারী শ্রমিকরা জানান, আজ থেকে রোজা শুরু হয়েছে, সামনে ঈদ। এর মধ্যে মালিকপক্ষ আমাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে হঠাৎ করে কারখানা বন্ধ করেছে। অবিলম্বে আমাদের বেতন পরিশোধ করে কারখানা খুলে না দিলে আমরা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে। এতে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওএফ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707296 Advertisement: 41053012; 01550707291, E-mail: [email protected] [email protected]
🔝