টাঙ্গাইলের মধুপুরের টান পাহাড় এলাকায় রাতের আধাঁরে বনজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষতির মুখে পড়েছে ভোক্তভোগী ওই কৃষক।
রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের ধরাটি টান পাহাড় এলাকায় বাগান মালিক কৃষক আতিকুর রহমানের বাগানে এমন ঘটনা ঘটে।
বাগান মালিক কৃষক আতিকুর রহমান কান্নাজড়িতক কণ্ঠে সাংবাদিকদের জানান, শত্রুতাবশত রাতের আধাঁরে আমার আকাশ মনি (একাশি) গাছের বাগানের মোট ১২০টি গাছ কেটে ফেলেছে। আগামী পাঁচ বছর পরে গাছগুলো বিক্রির উপযোগী হতো। তখন এই গাছগুলো প্রায় ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকার মতো বিক্রি করা যেত। আমি এখন খুবই ক্ষতির মুখে পড়েছি। আমি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। পুলিশ প্রশাসনের কাছে দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে জোর হস্তক্ষেপ কামনা করছি।
স্থানীয় এলাকাবাসী মতিয়ার রহমান, সুরুজ আলীসহ আরো অনেকেই জানান, গাছ মানুষের পরম বন্ধু কিন্তু এখানে গাছের সাথে শত্রুতা খুবই অবাক করা বিষয়। এ ঘটনায় আমরা এলাকাবাসী সরকারীভাবে যাতে এই কৃষক আতিকুর রহমানকে সহযোগীতা করার দাবী করছি।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাফর ইকবাল জানান, অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচআর/এসআর