নির্বাচনের পরদিন মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নে দফায় দফায় হামলা ও মারধরের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার আধারা, শিলই, চরকেওয়ার ও মোল্লাকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রামে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিটিহোগলাকান্দি গ্রামের কনক মোল্লা (৪৫), কদমতলী গ্রামের হৃদয় (১৭), সবুজ (৪৫) ও রেনু আক্তার (৩৫), চরআব্দুল্লাহ গ্রামের মো. ফয়সাল (৩৪), শিলই গ্রামের শাহ জামাল (৫৭) ও আনসার উদ্দিন (৬২) এবং চরডুমুরিয়া গ্রামের জামাল মোল্লা (৬০) গুরুতর আহত হয়েছেন। অন্যরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে দুপুরে জমি থেকে বাড়ি ফেরার পথে জামাল মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেন, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। শিলই ইউনিয়নের শিলই গ্রামেও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে রাস্তায় পেয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলাকান্দি ও কদমতলী গ্রামেও হামলার ঘটনা ঘটেছে।
সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন-পরবর্তী এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এইচআই/আরএন