নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এবার ভোট যে এতটা উৎসবমুখর হবে, তা কেউ কল্পনাও করেনি। মানুষের আগ্রহ ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল জানান, সারাদিনে প্রায় শতাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচনে ভালো ফল আসবে বলে তিনি আশাবাদী। এর মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সরকার ও সংসদ পাবে। দীর্ঘ ১৬ বছর ধরে যে লড়াই-সংগ্রাম করা হয়েছে, তারই প্রতিফলন এই নির্বাচন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
এছাড়াও তিনি নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী মাঠে রয়েছেন।
তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।
এসআর